ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে অসন্তুষ্ট আপিলকারীরা এবার হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) ইসির আপিল শুনানি শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তারা।
১১ দলীয় দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে, বিএনপির দুই প্রার্থী জীবা আমিন খান ও মাধবী মারমার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিলে সন্তোষজনক সিদ্ধান্ত না পাওয়ায় দলটির অপর দুই নেতা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জীবা আমিনের প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য মাসুদ মৃধা। তার আইনজীবী হারুন অর রশীদ জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগ তুলে তারা হাইকোর্টে আপিল করবেন।
অন্যদিকে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই প্রার্থী হওয়ার অভিযোগ এনে মাধবী মারমার বিরুদ্ধে আপিল করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা চন্দ্রা চাকমা। তিনিও হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ২২ ও ২৩ এপ্রিল দুই দিনের বাছাইয়ে বিএনপির নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াতের নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং নির্বাচন হবে ১২ মে।