ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর গল্পকে পর্দায় তুলে ধরতে নতুন উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এই উদ্যোগের অংশ হিসেবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আর্থিক অনুদান দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণাধীন চলচ্চিত্রগুলোর একটি হবে ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ মিনিট। এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।
অন্যদিকে, দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিষয়বস্তু হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সংহতির বার্তা। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৫ মিনিট, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ লাখ টাকা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিং—সব ধাপের নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি সৃজনশীলতা ও মানসম্পন্ন নির্মাণ দক্ষতার প্রমাণও থাকতে হবে।
যোগ্যতার ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।