খেলাধুলা

চট্টগ্রামে ‘ফিউচার স্টার’ হিসেবে ফিরল বল বয়ের সংস্কৃতি

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে নতুন আঙ্গিকে ফিরেছে বল বয়ের সংস্কৃতি। বাংলাদেশ-নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হয়েছে এই উদ্যোগ। যেখানে বল বয়দের নতুন নাম দেওয়া হয়েছে ‘ফিউচার স্টার’।

আজ সোমবার বেলা ২টা থেকে শুরু হওয়া এই সিরিজে মাঠের বাউন্ডারির বাইরে অবস্থান করছে একদল ক্ষুদে ক্রিকেটার। তাদের কাজ, সীমানা পেরোনো বল দ্রুত খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া। তবে শুধু দায়িত্ব নয়, এই উদ্যোগে রয়েছে অনুপ্রেরণার বার্তাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এই নামকরণের পেছনের ভাবনা ব্যাখ্যা করেছেন। ম্যাচ শুরুর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ‘বল বয়’ শব্দটি তার কাছে কখনোই স্বস্তিদায়ক মনে হয়নি। ভবিষ্যতের ক্রিকেটার হিসেবে দেখেই তিনি তাদের ‘ফিউচার স্টার’ নামে ডাকতে চান।

চট্টগ্রামে ফিউচার স্টার হিসেবে অংশ নিয়েছে ২২ জন ক্ষুদে ক্রিকেটার যারা। অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলে ক্রিকেট খেলে থাকে। জাতীয় দলের ক্রিকেটারদের এত কাছে থেকে দেখার সুযোগ তাদের স্বপ্নকে আরও বড় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তামিম নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, একসময় তিনিও এমন ভূমিকার মধ্য দিয়ে ক্রিকেটের পথচলা শুরু করেছিলেন। তাই বর্তমান প্রজন্মের এই ক্ষুদে ক্রিকেটারদের মাঝে তিনি নিজের শুরুর দিনের প্রতিচ্ছবি খুঁজে পান।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ শুধু ম্যাচ পরিচালনার অংশ নয়, বরং ভবিষ্যতের ক্রিকেটার তৈরির একটি প্রেরণাদায়ক প্ল্যাটফর্ম। মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখার এই অভিজ্ঞতা অনেক শিশুর জীবন বদলে দিতে পারে।