ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি নোনা পানির কুমির আটকা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জেলেরা জানান, প্রতিদিনের মতো ভোরে নদীতে মাছ ধরতে যান তারা। হঠাৎ বড়শিতে বড়সড় কিছু আটকে পড়েছে বুঝতে পারেন। প্রথমে বড় মাছ ভেবে টানতে থাকলেও কাছে এলে দেখেন সেটি কুমির। পরে সতর্কতার সঙ্গে কুমিরটিকে উদ্ধার করে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, খবর পাওয়ার পর দ্রুত বন বিভাগের সঙ্গে যোগাযোগ করি। খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যর নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পাঁচ ফুট লম্বা ও প্রায় দেড় মণ ওজনের পুরুষ কুমিরটিকে উদ্ধার করে।
তন্ময় আচার্য্য বলেন, এটি মূলত নোনা পানির কুমির। খাবারের সন্ধানে সমুদ্র থেকে নদীতে চলে এসেছে। বর্তমানে কুমিরটিকে বন বিভাগের হেফাজতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন বিভাগ জানিয়েছে, কুমিরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হলে এবং শারীরিক সক্ষমতা বিবেচনায় কবে, কোথায় অবমুক্ত করা হবে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।