ক্যাম্পাস

ক্যাম্পাসেই ব্যাংক সেবা, স্বস্তিতে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন বৃত্তি গ্রহণ সহজ করতে ক্যাম্পাসে ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), বিভিন্ন ছাত্র সংগঠন এবং জেলা কল্যাণ সমিতির উদ্যোগে এসব বুথ বসানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসেই দ্রুত ও সহজে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছেন। জকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ছাত্রদলের উদ্যোগে যমুনা ব্যাংক, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে পূবালী ব্যাংক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে জনতা ব্যাংক এবং ময়মনসিংহ জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে।

জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, “ব্যাংক হিসাব খোলা সেবা’ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ঝামেলামুক্তভাবে ক্যাম্পাসেই হিসাব খুলতে পারছেন। এতে আবাসন ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণে জটিলতা কমবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “অনেক শিক্ষার্থীর ব্যাংক হিসাব না থাকায় তারা ভোগান্তিতে পড়ছিলেন। যমুনা ব্যাংকের সহযোগিতায় এখন তারা ক্যাম্পাসেই কোনো প্রাথমিক জমা বা রক্ষণাবেক্ষণ ফি ছাড়াই বিনামূল্যে হিসাব খুলতে পারছেন। পাশাপাশি এক বছরের জন্য ডেবিট কার্ডও বিনামূল্যে দেওয়া হচ্ছে।”

যমুনা ব্যাংকের কর্মকর্তা পার্থ প্রতিম সাহা জানান, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি ছবি দিয়েই সহজে হিসাব খোলা যাচ্ছে। ইতোমধ্যে কয়েকশ শিক্ষার্থী এই সেবা গ্রহণ করেছেন এবং কার্যক্রম আরো কয়েক দিন চলবে।

বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফেরদৌস শেখ বলেন, “শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা কমেছে।”

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আহ্বায়ক মো. সজিব মিয়া বলেন, “বিশেষ বৃত্তির জন্য ব্যাংক হিসাব বাধ্যতামূলক হওয়ায় অনেক শিক্ষার্থী সমস্যায় পড়ছিলেন। জনতা ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পাসেই এই সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে।”