নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে মো. আরাফাত হোসেন (২২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়।
আরাফাত একই গ্রামের আবু বক্কর ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত আফছার উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারের কসমেটিক ব্যবসায়ী। পাশাপাশি পরিবারের জমিতে কৃষি কাজও করতেন। দুপুরের দিকে তার মা শায়েলা আক্তারসহ বাড়ির পাশে ক্ষেত থেকে বাদাম তুলতে যান। বাদাম তুলে বাড়ি নিয়ে আসার পথে আরাফাত বজ্রপাতের শিকার হয়। এতে ঘটনাস্থলে মায়ের সামনে তার মৃত্যু হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
চরঈশ্বর ইউনিয়নে ইউপি সদস্য রাশেদ উদ্দিন বলেন, আরাফাতের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।