সারা বাংলা

নোয়াখালীতে মাটি খননের সময় মিলল মর্টার শেল

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার উপজেলার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে মাটি খোঁড়াখুঁড়ি কাজ করছিলেন শ্রমিকরা। খননকালে লোহার মতো শক্ত বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত সেটি পরিষ্কার করলে মর্টার শেল দৃশ্যমান হয়। পরবর্তীতে তারা পুলিশকে না জানিয়ে মর্টার শেলটি বাড়িতে রেখে দেন। খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে মর্টার শেলটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের। মর্টার শেলটি উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।