জাতীয়

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলে খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে: এমপি আতাউর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ধন্যবাদ জানালে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা কষ্ট পাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী দলীয় নির্বাচিত সংসদ সদস্য মো. আতাউর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য।

আতাউর রহমান বলেন, “যে রাষ্ট্রপতি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের অন্ধকারে রেখে হত্যা করাকে বৈধতা দিয়েছিলেন, আজ সেই রাষ্ট্রপতিকে আমরা যদি ধন্যবাদ দিই; আমি নিশ্চিত বিশ্বাস করি, এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে।”

তিনি আরো বলেন, “এই রাষ্ট্রপতি বিগত সময়ে ফ্যাসিজমের সব কাজকে বৈধতা দিয়েছিলেন। এই রাষ্ট্রপতিকে আজ যারা ট্রেজারি বেঞ্চ থেকে ধন্যবাদ জানান, তার পাশে কেউ একজন মুচকি হাসেন। এই ভেবে হাসেন যে, এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানো ঠিক নয়।”