নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে (২৮ এপ্রিল) উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া তানজিনা একই গ্রামের শেখ মোজাম সেন্টুর মেয়ে। সে স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, তানজিনা নিজ ঘরে ছিলেন। এ সময় তার বাড়ির পাশে বজ্রপাত ঘটে। বজ্রপাতের প্রচণ্ড শব্দে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।
চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কামাল উদ্দিন জানান, বজ্রপাতের শব্দে এক কিশোরী মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুবর্ণচর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে জেনে বিস্তারিত জানতো পারব।”