তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিগগির তথ্য কমিশন গঠন করবে সরকার। এরই মধ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তালিকা অনুমোদনের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক পাওয়া গেলে বিষয়টি চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজনে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসীদের অভিযোজন চ্যালেঞ্জ ও স্থানীয় পর্যায়ের সমাধান’ শীর্ষক এক কর্মশালায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক প্রক্রিয়ায় দুর্বলতার কারণে জলবায়ু, অভিবাসীদের সংকট ও সম্ভাবনা নিয়ে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি।
তথ্যমন্ত্রী মন্ত্রী বলেন, আগে অভিবাসনের কারণ হিসেবে কেবল পরিবেশ বা অর্থনীতিকে দেখা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে, রাজনৈতিক সংকটও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পেয়েছি এবং সরকারপ্রধান রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছি।
দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রসঙ্গে টেনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ার কারণে অতীতে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া অতটা পরিপক্ক ছিল না। তবে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করেছে। বিগত দিনের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির এটাই গুণগত পার্থক্য যে, আমরা সমস্যাগুলোকে পাশ কাটিয়ে না গিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করছি।
বর্তমান সরকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি সরকার এ দেশের সমাজ, সংস্কৃতির অনেক সমস্যা চিহ্নিত করেছে। এ সমস্যা কত দিনে আমরা সমাধান করতে পারব সেটা সময় বলে দেবে। কিন্তু এটা আমরা চিহ্নিত করতে পেরেছি। সমাজের বিভিন্ন স্তরের অংশীদারের সমন্বয়ে সংকট মোকাবিলা করতে চাই।