সারা বাংলা

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে আস্তানায় হামলা চালিয়ে পীর আব্দুর রহমান শামীমকে (৬৫) হত্যার মামলায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেওয়া হয় বলে দাবি করেছে তার পরিবার। গ্রেপ্তার শিক্ষার্থী ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে ওই স্কুলছাত্রকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেছেন, “রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল। তাই বলে তাকে আসামি করা হবে কেন?”

এর আগে রবিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে আরো দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে এ মামলায় ৩ জন গ্রেপ্তার হলো।

শনিবার (১১ এপ্রিল) কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।