ক্যাম্পাস

বেরোবির ১০৯০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প এডিপির সবুজ পাতায়

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১০৯০ কোটি ১৫ লক্ষ টাকার অধিকতর সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প।

সোমবার (২৭ এপ্রিল) ২০২৬–২০২৭ অর্থবছরের নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সেখানেই বহুল প্রত্যাশিত এই প্রকল্পটি সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় ১২ তলা একাডেমিক ভবন, ১০ তলাবিশিষ্ট তিনটি ছাত্র হল, ১০ তলাবিশিষ্ট দুটি ছাত্রী হল, ৭ তলা সমন্বিত অ্যাক্টিভিটি সেন্টার, ২ তলা শারীরিক শিক্ষা কেন্দ্র, ১০ তলা শিক্ষক, অফিসার্স ও স্টাফ কোয়ার্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মন্দির, সাবস্টেশন ভবন, পাম্প হাউস ভবন, লাইব্রেরি ও মসজিদ ভবনের উল্লম্ব সম্প্রসারণ, আরসিসি রোড নির্মাণ, স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম, পানি বিতরণ লাইন, গভীর নলকূপ খননসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত আছে।

প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত। এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী বলেন, “গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের ১০৯০ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প সবুজ পাতায় উঠেছিল। এ বছর সেটি আবার পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তিনি আরো জানান, গত বছর অন্তর্ভুক্তির পর ৩ কোটি ৯১ লাখ টাকার একটি ফিজিবিলিটি স্টাডি করা হয়, যেখানে একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানসহ প্রায় সব ধাপ সম্পন্ন হয়েছে। সেই ভিত্তিতেই প্রকল্পটি আবারও সবুজ পাতায় এসেছে।

উপাচার্য আরো বলেন, “আমরা আগামী রবিবার সিন্ডিকেট সভা করে একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান ইউজিসিতে জমা দেব। এরপর ইউজিসিতে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট (টিএসসি) মিটিং হবে। সেখান থেকে পরিকল্পনা কমিশনে যাবে এবং পরে একনেক সভায় উঠবে। একনেকে অনুমোদন পেলে আগামী জুলাই থেকে কার্যক্রম শুরু হবে।”