খেলাধুলা

হারের বৃত্তে মেয়েরা

ওয়ানডে সিরিজের শেষ দুই ম‌্যাচ হেরে সিরিজ খুইয়েছিল নিগার সুলতানা জ‌্যোতির দল। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হলো হার দিয়ে। বগুড়া থেকে সিলেট। ভাগ‌্য পরিবর্তন হয়নি বাংলাদেশের মেয়েদের।

অন‌্যদিকে জয়ের ধারাবাহিকতায় শ্রীলঙ্কার মেয়েরা। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব‌্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেটে ১৬১ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ করতে পারে ৭ উইকেটে ১৩৬ রান।

শ্রীলঙ্কার জয়ের নায়ক হারশিতা সামারাবিক্রমা। ৩৫ বলে ৬১ রান করেন ৫ চার ও ২ ছক্কায়। দলের হয়ে আরও একজন ফিফটির দেখা পেয়েছেন। ইমেশা দুলানি ৪০ বলে ৫৫ রান করেন ৭ বাউন্ডারিতে। এছাড়া অধিনায়ক চামারি আত্তাপাত্তু ৩০ বলে ৩২ রান করে শুরুতে দলকে এগিয়ে নেন।

বাংলাদেশের বোলিং তেমন ভালো হয়নি। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেও কার্যকরী হয়নি। দলের হয়ে সুলতানা খাতুন ২৯ রানে ২ উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান পায় বাংলাদেশ। দিলারা আক্তার ও জুয়ায়রিয়া ফেরদৌস ভালো শুরু করেন। কিন্তু তাদের জুটি ভাঙার পর আসা-যাওয়ার মিছিল শুরু হয়। দিলারা ২৩, জুয়ায়রিয়া ১৬ রান করেন। অভিজ্ঞ শারমীন আক্তার ১ ও নিগার সুলতানা শূন‌্য রানে বিদায় নেন।

৮৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ম‌্যাচ থেকে ছিটকে যায় অতি সহজেই। সেখান থেকে দলকে উদ্ধার করে একাই লড়াই করেন স্বর্ণা আক্তার। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ৪৫ বলে ৬০ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। স্বর্ণার একার লড়াইয়ে বাংলাদেশ যা জবাব দেয়। বাকিরা ছিলেন নিষ্প্রভ।

অতিথিদের হয়ে ২টি করে উইকেট নেন মালকি মাদারা, মিতালি অধোয়া ও আত্তাপাত্তু।

একদিন বিরতির পর বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল।