বগুড়া থেকে ঢাকাগামী পথে অস্ত্রের মুখে লুট হওয়া ৬০০ বস্তা চাল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজারে একাধিক গুদাম ও ফুলবাড়িয়া এলাকার কেএনবি বাজারে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়। আটকরা হলেন, স্থানীয় গুদাম মালিক লিটন সরকার (৪০) ও কর্মচারী সুমন সরকার (৪৬)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬০০ বস্তা কাটারীভোগ চাল কিনে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহেল সোমবার (২৭ এপ্রিল) রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন। ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে প্রাইভেটকার দিয়ে রাস্তা আটকে দেয় দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে পাশের ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান শনাক্ত করে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে ফুলবাড়িয়ার কেএনবি বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করা হয়। পরে কালিয়াকৈর বাজারের বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়।
চাল ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, বগুড়ার শেরপুর থেকে তিনি চাল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্বৃত্তরা চালসহ ট্রাক লুট করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ লুট হওয়া চাল উদ্ধার করেছে এবং দুইজনকে আটক করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ট্রাকটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর অভিযান চালিয়ে অধিকাংশ চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।