রাজধানীর নিউ মার্কেটর বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পাঁচটি গুলি বিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ জুয়েল বলেছেন, “দুই যুবক একটি মোটরসাইকেলে করে এসে শহীদ শাহ নেওয়াজ হলের সামনে ওই অজ্ঞাত যুবককে পর পর কয়েক রাউন্ড গুলি করে। তিনি গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ছটফট করতে থাকেন। পরে আমরা ধাওয়া করলে ওই দুই যুবক পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন আছে।