সাংবাদিকদের সুরক্ষা, ন্যায্য বেতন কাঠামো এবং ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাত ও হানাহানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ও সহনশীল পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন হুইপ দুলু। তিনি বলেন, “অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন সংস্কৃতি গড়তে হবে, যেখানে ভিন্নমতকে সম্মান করা হবে এবং সহিংসতা নয়, যুক্তিই হবে রাজনীতির ভিত্তি।”
“স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে নানা উত্থান-পতন ঘটেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার আন্দোলন করতে হয়েছে। এখন সময় এসেছে সংঘাতময় রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করার”, যোগ করেন তিনি।
সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের পরিবেশ বজায় থাকলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা সহজ হবে বলেও মন্তব্য করেন হুইপ।
‘কিছু গণমাধ্যম কর্মী অপপ্রচারে জড়িত ছিল’ সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেও অতীতে কিছু গণমাধ্যম কর্মীর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে জড়িত থাকার অভিযোগ তোলেন দুলু। তিনি বলেন, “তাদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।”
“রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতাই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে”, যোগ করেন দুলু।