কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১১ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কে ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ও আহতরা ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।