ময়মনসিংহের ত্রিশালে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত মোতালেব হোসেন একই গ্রামের মৃত সাইফুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, রাত ৮টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯- নম্বরে কল আসে। সেখানে বলা হয়, রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় মোতালেব হোসেনকে কে বা কারা কুপিয়ে হত্যার পর ধান ক্ষেতে ফেলে গেছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ছেলে আলী হোসেন বলেন, “আমার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে বের হয়ে ধান ক্ষেত দেখতে যান। তিনি প্রায়ই ধান ক্ষেত দেখতে যেতেন। আজ ধান ক্ষেত দেখতে গেলে কে বা কারা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর মরদেহের পাশে মোবাইল পড়েছিল এবং কোমড়ে পেঁচানো কাপড়ের থলের ভেতর ৩৮ হাজার ৬৪৫ টাকা ছিল। তা অক্ষত ছিল। দুর্বৃত্তরা এগুলোতে হাত দেয়নি।”
তিনি বলেন, “কী কারণে আমার বাবাকে হত্যা করা হলো তাও বলতে পারছি না। আমি আমার বাবাকে হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহতের ঘাড়, মাথা, হাতের আঙ্গুলে গুরুতর ধারালো অস্ত্রের আঘাতের চিন্হ রয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। তারা নিহতের সঙ্গে থাকা টাকা নেয়নি। ঘটনার মূল রহস্য উদঘাটনে ত্রিশাল থানা ও ডিবি পুলিশ কাজ করছে।”