বিনোদন

ভোট দিতে গিয়ে জটিলতায় চিরঞ্জিৎ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সকাল চারুচন্দ্র কলেজে ভোট দিতে যান ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। কিন্তু ভোট না দিয়েই ফিরে যান তৃণমূল কংগ্রেসের বিদায়ী এই বিধায়ক। 

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, চারুচন্দ্র কলেজ কেন্দ্রের ইভিএম খারাপ হওয়ার কারণে ভোট দিতে পারেননি চিরঞ্জিৎ। যান্ত্রিক জটিলতা সমাধানের পর গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন এই অভিনেতা। 

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “ভোট দেওয়া তো আমার দায়িত্ব। আমার কর্তব্যের মধ্যে পড়ে। দেশ তো আমাকে উদ্ধার করতে হবে। আর আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। কিছুটা ধারণা আছে। যান্ত্রিক গোলযোগ হলে একটু তো সময় লাগবেই। যান্ত্রিক গোলযোগ হতেই পারে, আবার কিছুক্ষণ পরে এসে ভোট দিয়ে যাব।” 

২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত থেকে তৃণমূলের টিকিট নিয়ে ভোট লড়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন চিরঞ্জিৎ। বারাসত বিধানসভা আসন থেকে পর পর তিনবার বিধায়ক নির্বাচিত হন এই তারকা। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে চিরঞ্জিৎ নিজেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানান—তিনি আর নির্বাচনে লড়তে চান না। 

বলে রাখা ভালো, কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার (২৯ এপ্রিল) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট চলছে।