সারা বাংলা

পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিলল ১ লাখ ইয়াবা

কক্সবাজারের উখিয়া সীমান্তে পাচারকারীরর ফেলে যাওয়া একটি বস্তা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পালংখালী সীমান্তের ১৮ নম্বর পিলারের বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টির মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌঁড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে বস্তা তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।