বিনোদন

সস্ত্রীক ভোট দিয়ে কী বললেন জিৎ?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সকাল কলকাতার রাসবিহারী কেন্দ্রে সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত নায়ক জিৎ।  

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমের ক্যামেরার সামনে পোজ দেন জিৎ ও তার স্ত্রী। কেবল তাই নয়, আঙুলে কালির দাগও প্রদর্শন করেন তিনি। কারো কারো সেলফি তোলার আবদারও পূরণ করেন এই নায়ক।   

গণমাধ্যমকর্মীরা জানতে চান, ভোট দিয়ে কী প্রত্যাশা করছেন? এমন প্রশ্নের উত্তরে প্রথমে নীরব থাকেত জিৎ। এরপর তিনি বলেন, “চার তারিখে কী হচ্ছে, তা আগে দেখে নিন।” জিতের রহস্যময় মন্তব্য নিয়ে আলোচনা চলছে। কারণ আগামী ৪ এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। জিৎ সেই বিষয়ে ইঙ্গিত করেছেন।    

এরপর জিতের কাছে আরো বেশ কটি প্রশ্ন রাখা হলেও একটি শব্দও ব্যয় করেননি তিনি। সবকিছু উপেক্ষা করে নিজের গাড়িতে উঠার সময়ে জিৎ বলেন—“সবাই ভোট দেবেন।”  

মুম্বাইয়ে ছিলেন জিৎ। বিধানসভা নির্বাচনের ভোট প্রদানের জন্য গতকাল কলকাতায় ফিরেছেন তিনি। বুধবার (২৯ এপ্রিল) সকাল সকাল জিৎ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, “ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি দায়িত্ব। সচেতনভাবে ভোট দিন।”  

আগামী ২৭ মে, মুক্তি পেতে যাচ্ছে জিৎ অভিনীত পরবর্তী সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। এটি প্রযোজনা করেছেন নন্দী মুভিজ ও জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্ক। এটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। 

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করছেন জিত্‍। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই সিনেমা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন অনন্ত। এবার তাকেই পর্দায় নিয়ে আসছেন জিৎ।