পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সকাল কলকাতার একটি কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভারতীয় সিনেমার আলোচিত অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গণমাধ্যমের সামনে দাঁড়ান। এসময় আঙুলে থাকা অমোচনীয় কালি প্রদর্শন করেন। গণমাধ্যমকর্মীরা বলেন, আপনি সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। এ প্রসঙ্গ তোলার পর মিঠুন বলেন, “হ্যাঁ, সেটাই তো করা উচিত। সাধারণ মানুষের মতো আমি সব জায়গাতে লাইনে দাঁড়িয়ে সব কাজ করি। আমি অতিরিক্ত কোনো সুবিধা চাই না।”
ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত মিঠুন। তার কাছে জানতে চাওয়া হয়, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ কতটা শান্তিপূর্ণ হবে? এ প্রশ্নের জবাবে মিঠুন বলেন, “দ্বিতীয় দফায় ভোটগ্রহণও ভালোই হবে, আমি গ্যারান্টেড। এজন্য নির্বাচন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
বলে রাখা ভালো, কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার (২৯ এপ্রিল) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট চলছে।
‘ডিসকো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী টলিউড, বলিউডে সমান জনপ্রিয়। এক সময় রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। এরপর ‘সারদা কাণ্ডের’ পর নিষ্ক্রিয় হয়ে পড়েন। কলকাতাবাসী ধরেই নিয়েছিলেন দাদা বোধ হয় আর রাজনীতিতে ফিরবেন না। কিন্তু ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগদানের পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মিঠুন।