আন্তর্জাতিক

‘আর কোনো ভদ্রতা নয়’, অস্ত্রসহ ছবি পোস্ট করে ইরানকে ট্রাম্পের হুমকি

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না এলে যুক্তরাষ্ট্র আরো কঠোর অবস্থান নেবে বলে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএনআইয়ের। 

বুধবার (২৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে একটি অ্যাসাল্ট রাইফেল হাতে দেখা যাচ্ছে এবং ছবির ওপর লেখা রয়েছে- “আর কোনো ভদ্রতা নয়।”

আলোচনার ধীরগতিতে হতাশা প্রকাশ করে ট্রাম্প দাবি করেন, “ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না।” তিনি আরো বলেন, “তারা জানে না কীভাবে একটি পরমাণু-মুক্ত চুক্তি স্বাক্ষর করতে হয়।”

আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। ইরানকে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, “তাদের শিগগির বুদ্ধিমান হওয়া উচিত!”

এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরান যুদ্ধবিরতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিল। তবে শর্ত হিসেবে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে আলোচনা স্থগিত রাখার দাবি জানায়। ট্রাম্প এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, পারমাণবিক ইস্যুটি সরাসরি মোকাবিলা না করা পর্যন্ত কোনো আলোচনা এগোবে না।

এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, পুনরায় কোনো হামলা হলে ইরান তার ‘অপ্রত্যাশিত সক্ষমতা’ উন্মোচন করে কঠোর জবাবে দেবে।

বুধবার (২৯ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে মিনাব শহরের ‘শহীদ কবরস্থানে’ আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মোহাম্মদ আকবরজাদেহ বলেন, “যদি যুক্তরাষ্ট্র আবারো ভুল হিসাবনিকাশ করে ইরানের ওপর হামলা চালায়, তাহলে আইআরজিসি নৌবাহিনী তাদের উন্নত স্মার্ট টার্গেটিং সিস্টেমসহ নতুন সব যুদ্ধাস্ত্র মোতায়েন করবে।”

তিনি সতর্ক করে আরো বলেন, “আগ্রাসন মোকাবিলায় ইরান কেবল নিজের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিভিন্ন ‘প্রতিরোধ ফ্রন্ট’ বা আঞ্চলিক মিত্রদের শক্তিকেও কাজে লাগাবে।”