পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এক স্কুলশিক্ষার্থী। তার নাম অনুপমা রায় (১২)। বুধবার (২৯ এপ্রিল) পৌর এলাকার দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়া পাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে ও দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো বাইসাইকেলে বাসা থেকে স্কুলে আসে অনুপমা। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে সাইকেল গ্যারেজে রাখার পরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, “হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “সকালে অনুপমা স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।