ব্রিটিশ রাজপরিবারকে মঙ্গলবার মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বক্তৃতামঞ্চ থেকে সরে এসে রাজা চার্লসের সঙ্গে করমর্দন করেন এবং দুজনেই হেসে উঠেছিলেন। হোয়াইট হাউস সেই মুহূর্তের একটি ছবির ক্যাপশনে লিখেছিল ‘দুই রাজা।’
রাজকীয় প্রতীকের প্রতি ট্রাম্পের এই আকর্ষন অবশ্য এবারই প্রথম নয়। ২০২৫ সালের অক্টোবরে ট্রাম্প একটি এআই নির্মিত ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাকে একটি মুকুট পরে তার প্রশাসনের বিরোধী ‘নো কিংস’ বিক্ষোভকারীদের ওপর দিয়ে একটি যুদ্ধবিমান চালাতে দেখা যায়। ছবিতে মাঝ আকাশে, ট্রাম্পকে সমাবেশে উপস্থিতদের উপর মল নিক্ষেপ করতে দেখা গেছে।
একই দিনে, তিনি আরেকটি এআই ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় কংগ্রেসের ডেমোক্র্যাটরা তার সামনে হাঁটু গেড়ে বসে থাকার সময় তিনি একটি মুকুট, রাজকীয় আলখাল্লা এবং তলোয়ার দিয়ে নিজেকে সজ্জিত করছেন।
১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণা করে। এর কারণ হিসেবে রাজতন্ত্রকে ‘বারবার আঘাত ও জবরদখলের ইতিহাস’ উল্লেখ করেছিল। স্বাধীনতার ঘোষণার কারণ হিসেবে আরো বলা হয়েছিল এই রাজতন্ত্রের প্রত্যক্ষ উদ্দেশ্য ছিল ‘রাষ্ট্রগুলোর উপর চরম স্বৈরাচার প্রতিষ্ঠা করা।’
নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি জো মোরেল রয়টার্সকে বলেন, “আমেরিকা এবং যুক্তরাজ্যের মধ্যে একটি আকর্ষণীয় পার্থক্য হলো জনগণই সার্বভৌম। আমাদের এখানে কোনো একজন ব্যক্তি সার্বভৌম নন। শ্রদ্ধার সাথে বলছি, আমি মনে করি না যে প্রেসিডেন্ট এই পার্থক্যটি বোঝেন।”
মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউসের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।