পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সকাল কলকাতার আরবান ডেভেলপমেন্ট সোসাইটিতে ভোট দেন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি।
ভোট দিয়েই ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী শুভশ্রী। তার কথায়ও ফুটে উঠে সেই সুর। এমনকী, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে ‘দেবী দুর্গার’ সঙ্গে তুলনা করে শুভশ্রী বলেন, “একজনকেই চিনি, তিনি হচ্ছেন আমাদের মা দুর্গা। প্রতিবারই মা দুর্গার সঙ্গে যেমন মহিষাসুরের লড়াই হয়, প্রচুর বাহিনী নিয়ে আসে, মা দুর্গা একাই দমন করে। এবারো করবে।”
স্ত্রী শুভশ্রীর মুখে এসব কথা শুনে বিধায়ক প্রার্থী রাজ চক্রবর্তী তার পাশ থেকে গর্বের সুরে বলেন, “সময় শেষ। খেলা খতম। শুভশ্রী বলে দিয়েছে, দেখেছ তো। মা দুর্গার সঙ্গে লড়তে এসেছে। ভোটটা তো পূজার সময়ই করতে পারে, মহালয়ার দিন।” বরের কথার রেশ টেনে শুভশ্রী বলে ওঠেন, “আসলে আমাদের বাংলায় দুবার দুর্গাপুজো হয়।”
বহুদিন ধরে তৃণমূলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রাজ চক্রবর্তী। যদিও ভোটের টিকিট পান ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। আর প্রথমবারেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। পাঁচবছর পর ওই একই আসন (ব্যারাকপুর) থেকে তাকে টিকিট দিয়েছে দল। প্রচারে যে বিপুল জনসমর্থন রাজ পেয়েছেন, তাতে অনেকেই নিশ্চিত আবারো ক্ষমতায় ফিরছেন রাজ।
রাজনীতিতে পা না রাখলেও স্বামীর নির্বাচনি প্রচারে অংশ নিতে দেখা গেছে শুভশ্রীকে। রাজের কেন্দ্রে একদিন রোড শো করেন তিনি। তাকে বলতে শোনা যায়, “আমার স্বামী সপ্তাহে এখন পাঁচ দিন ব্যারাকপুরে থাকেন। ব্যারাকপুর আমার দ্বিতীয় বাড়ি। ভবিষ্যতে দুই সন্তান নিয়ে এখানেই থাকতে হবে।”
বলে রাখা ভালো, কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার (২৯ এপ্রিল) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট চলছে। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।