নড়াইলের কালিয়ায় শামসুন্নাহার কিন্ডার গার্টেন স্কুলে ক্লাস চলাকালীন ঝড়ে শ্রেণিকক্ষের ওপর নারিকেল গাছ ভেঙে পড়ায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ছোট কালিয়া এলাকায় অবস্থিত স্কুলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সিয়াম শেখ (১১) মাজেদুল ইসলাম (৯)।
এলাকাবাসী ও স্কুল সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় স্কুলের পাশে একটি পুরোনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষকেরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শামসুন্নাহার কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, হঠাৎ ঝড় শুরু হলে নারিকেল গাছ ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত দুজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘‘আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’