স্বাস্থ্য

এইডসে মৃত্যু বাড়ছে, ৪১ জেলায় নেই পরীক্ষার সুযোগ

দেশের ৪১টি জেলায় এখনো এইচআইভি/এইডস পরীক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকায় বহু মানুষ রোগ শনাক্তের বাইরে থেকে যাচ্ছে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। 

সরকারি ও বেসরকারি তথ্য অনুযায়ী, দেশে অনুমিত এইচআইভি সংক্রমিত ব্যক্তির প্রায় ১৮ শতাংশ এখনো শনাক্ত হয়নি। শনাক্তদের মধ্যে প্রায় ২৬ শতাংশ চিকিৎসার আওতার বাইরে রয়েছেন। বিশেষ করে পুরুষ সমকামী জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবনে আয়োজিত এক কর্মশালায় এ সব তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। সহযোগিতায় ছিল এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন।

কর্মশালায় জানানো হয়, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি/এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। ২০২৫ সালে নতুন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯১ জনে। তাদের অধিকাংশই ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অঞ্চলের বাসিন্দা।

তথ্য অনুযায়ী, ২০০০ সালে দেশে এইচআইভি আক্রান্ত প্রথম মৃত্যু হয়। ২০২৫ সালে এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪ জনে, যা আগের বছরের তুলনায় কিছুটা কম।

কর্মশালায় আরো বলা হয়, দেশে পুরুষ সমকামী জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার ২০১৭ সালে ছিল ০.৭ শতাংশ, ২০২০ সালে বেড়ে ৩.১ শতাংশে পৌঁছে। সাম্প্রতিক বিশ্লেষণে এই হার প্রায় ৩৪ শতাংশে পৌঁছেছে বলে জানানো হয়।

অনুমিত তথ্য অনুযায়ী, দেশে মোট সংক্রমিত মানুষের সংখ্যা ১৭ হাজার ৪৮০ জন। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩১৩ জন। চিকিৎসার আওতায় আছেন ৮ হাজার ৫৭৫ জন, যা শনাক্তদের ৭৪ শতাংশ।

কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, পরীক্ষার সুযোগ বৃদ্ধি, চিকিৎসা সহজলভ্য করা এবং সামাজিক কুসংস্কার ও বৈষম্য কমানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। বিশেষ করে বিদেশফেরত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএইচআরএফ এর সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ। বিশেষ অতিথি ও মূল আলোচক ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। এছাড়া কর্মশালার সভাপতিত্ব করেন বিএইচআরএফের সভাপতি  প্রতীক ইজাজ।