ক্যাম্পাস

রাবিতে শিক্ষার্থীদের বিশেষ এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ কাস্টমাইজড এটিএম কার্ড চালু করতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আগামী মাসের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে বুথ স্থাপন করে এই কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসেই এটিএম বুথ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির।

রাবির শিক্ষার্থীদের জন্য এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং এটি পেতে কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। যেসব শিক্ষার্থীর আগে থেকেই ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড রয়েছে, তারাও নতুন এই কার্ড নিতে পারবেন। তবে, সেক্ষেত্রে তাদের বর্তমান অ্যাকাউন্টটি স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে হবে।

এই অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়া, বিদেশে অবস্থানরত পরিবার বা আত্মীয়-স্বজনও এই অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন।

কার্ডটি ব্যবহার করে আন্তর্জাতিক পেমেন্টও করা যাবে। বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি প্রদান, দেশি ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, সবই এই কার্ডের মাধ্যমে সম্ভব হবে।

এছাড়াও, হজ ও ওমরাহ পালনের সময় বিদেশে এই কার্ড ব্যবহার করা যাবে। স্টুডেন্ট ফাইল ওপেনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজেও এটি সহায়ক হবে।

এ বিষয়ে রাকসু এজিএস এস এম সালমান সাব্বির বলেন, “এই কার্ডের সব ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। ডেবিট কার্ড চার্জ ও বার্ষিক ফিও পুরোপুরি ফ্রি রাখা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। ক্যাম্পাসে বিতরণের পাশাপাশি আলুপট্টি শাখা থেকেও শিক্ষার্থীরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন।