গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার রাতে গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক বস্তিতে এ ঘটনা ঘটে। এ অভিযানে ৭ জনসহ পৃথকভাবে মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসায় অভিযানে যায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় পৃথক অভিযানে আরও ২১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) বেলায়েত হোসেন বলেন, কেরানীরটেক বস্তিতে ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিম অভিযানে যায়। এসময় তাদের উপর হামলা করে, এতে ৪ জন পুলিশ সদস্য আহত হন। ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, কেরানীরটেক থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।