খেলাধুলা

ড্রেসিংরুমে সুখটান দিয়ে শাস্তি পেলেন রিয়ান পরাগ

ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহারের অভিযোগে অবশেষে শাস্তির মুখে পড়লেন রাজস্থান দলের অধিনায়ক রিয়ান পরাগ। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধূমপানের ঘটনায় তাকে আজ বৃহস্পতিবার ম্যাচ ফি’র ২৫% জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ঘটনাটি সামনে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। সেখানে দেখা যায়, ম্যাচ চলার সময় ড্রেসিংরুমে বসে ভেপ ব্যবহার করছেন পরাগ। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জায়গা ছাড়া ধূমপান নিষিদ্ধ। ফলে এটি শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে।

বোর্ড এক নোটিশে জানিয়েছে, খেলোয়াড় আচরণবিধির ২.১ অনুচ্ছেদের অধীনে এটি লেভেল-১ অপরাধ। এই ধারা সাধারণত শৃঙ্খলাজনিত লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। বোর্ডের মতে, ড্রেসিংরুমে এ ধরনের আচরণ খেলাধুলার ভাবমূর্তির পরিপন্থী।

বর্তমান চুক্তি অনুযায়ী পরাগ প্রতি ম্যাচে প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পান। সেই হিসেবে ২৫% জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫ লক্ষ রুপি। যা তার জন্য বড় আর্থিক শাস্তি। যেহেতু এটি প্রথম অপরাধ হিসেবে ধরা হয়েছে, তাই আপাতত কঠোরতর ব্যবস্থা নেওয়া হয়নি।

আচরণবিধি অনুযায়ী এমন ঘটনায় ইচ্ছাকৃততা, অবহেলা বা এড়ানো সম্ভব ছিল কি না- এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়। অভিযোগের মাত্রা অনুযায়ী শাস্তির স্তর নির্ধারণ করা হয়, যা লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যন্ত হতে পারে।

বোর্ডের পক্ষ থেকে পরাগকে নোটিশ দেওয়া হয়েছে এবং তার আপিল করার সুযোগ রয়েছে। তবে জানা গেছে, তিনি জরিমানা মেনে নিয়েই বিষয়টি শেষ করতে আগ্রহী।

২৪ বছর বয়সী এই ক্রিকেটার এবার প্রথমবারের মতো দলের নেতৃত্বে আছেন। তবে মাঠের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। ৯ ম্যাচে তার সংগ্রহ ১১৭ রান, গড় ১৪.৬৩।