জাতীয়

শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল

মহান মে দিবস উপলক্ষে রাজধানী‌তে বিশাল শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল হয়েছে।

জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনউয়ে শ্রমিক জোটের এই সমাবেশ ও লাল পতাকা মিছিলে বিভিন্ন বেসিক ইউনিয়ন ও ক্রাফট ফেডারেশনের নেতৃত্বে বিভিন্ন কলকারখানা ও অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক হাজার শ্রমিক কর্মচারী অংশ নেন।

সমাবেশ শেষে শ্রমিক জোটের বিশাল লাল পতাকা মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়ক প্রদক্ষিণ করে জাতীয়  প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে যোগ দেয়।

সমাবেশে বক্তারা, কথায় কথায় কলকারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রমিকের কাজের নিশ্চয়তা নিশ্চিত করা, জাতীয় মজুরি বোর্ড ও খাতওয়ারি মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সাথে সঙ্গতি রেখে ৩০ হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা, সকল কলকারখানা, প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠনের আইনি বাধা অপসারণ করা, কর্মক্ষেত্রে শোভন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা এবং স্কপের ৯ দফা মেনে নেওয়ার দাবি জানান।

শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কনক বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, শ্রমিক জোটের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, পোশাক শ্রমিক জোটের সভাপতি সরদার খোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার পারভীন, পরিবহন হকার্স জোটের সভাপতি মোহম্মদ আলী, শ্রমিক জোটের দফতর সম্পাদক রাজিব আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল কবির মিলন, পোশাক শিল্প শ্রমিক জোটের সাধারণ সম্পাদক শেখ শাহনাজ, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গার্মেন্টস শ্রমিক জোটের সহ-সভাপতি শিরীন সিকদার, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের সভাপতি জামিল ভুঁইয়া, ডেকোরেটর শ্রমিক জোটের মো. আলম খান ও বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী উন্নয়ন জোটের সভাপতি মো. আলমগীর হোসেন।