কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে ঢাকায়। তবে আজ সকাল থেকে রোদের দেখা মিলেছে। রোদ ঝলমলে এই আবহাওয়ায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে, তবে সেই স্বস্তির মাঝেই আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২ মে) চিটাগাংরোড থেকে কর্মজীবী জিয়াউদ্দীন জানান, কয়েকদিন টানা বৃষ্টিতে সড়কে পানি আর কাদায় চলাচল করা কঠিন ছিল। আজকে রোদ উঠায় বেশ স্বস্তি লাগছে। রাস্তা শুকিয়ে যাওয়ায় দুর্গন্ধ নেই।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। বায়ুদূষণের শীর্ষে আজ পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ১৭৬। এদিকে, ১৪৩ স্কোর নিয়ে ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে। অর্থাৎ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ভারতের রাজধানী দিল্লি ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় নম্বরে।
শনিবার (২ মে) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া, ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।