সারা বাংলা

ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সিলেটের মানুষ ঢাকা-রংপুর রেল উন্নয়নের চেয়ে ঢাকা-সিলেট রেল ব্যবস্থার উন্নতিতে বেশি আগ্রহী, সেটি স্বাভাবিক। তাই এই রুটে ডাবল লাইন স্থাপনের মাধ্যমে যাতায়াত দ্রুততর করার বিষয়ে সরকার কাজ করছে।”

তিনি বলেন, “শুধু সড়ক নয়, রেলপথের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। রেলপথে যাতায়াত খরচ কম হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হবেন।” কৃষিজমি রক্ষার কথা বিবেচনায় রেলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “সিলেট থেকে লন্ডন যেতে আকাশপথে সাড়ে ছয় থেকে সাড়ে সাত ঘণ্টার মতো সময় লাগে। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে রাস্তার দুরবস্থা ও বিভিন্ন সমস্যার কারণে সিলেট অংশে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়।”

তিনি জানান, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠন করতে পারলে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তারেক রহমান জানান, ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়নের সময় বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণ, সাইট অফিস স্থাপনসহ নানা প্রশাসনিক জটিলতার কারণে প্রায় ১১টি স্থানে সমস্যা তৈরি হয়েছিল, যার ফলে কাজটি স্থবির হয়ে পড়ে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ পুনরায় শুরু করা সম্ভব হবে এবং তা বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি আসবে।