কয়েক দিনের টানা বৃষ্টিপাতে রংপুর নগরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলতি সপ্তাহে বৃষ্টি হয়েছে ৩০৮ মিলিমিটার। এতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে বাসিন্দারা ভোগান্তিতে পড়েছে।
শনিবার (২ মে) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের আদর্শ পাড়া, খামার মোড়, পশ্চিম বাবুখাসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে আছে। অনেক স্থানে হাঁটু পানি থাকায় পথচারীদের চলাচল কষ্টকর হয়ে উঠেছে।
এতে শ্রমজীবী এবং ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েছে। অনেক অভিভাবক সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে পারছে না। প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নগরীর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব জলাবদ্ধতার প্রধান কারণ।
নগরীর আদর্শ পাড়া এলাকার আবহাওয়া অফিসের সামনে জলাবদ্ধ সড়ক দিয়ে প্রাইমারি শিক্ষার্থী আফিফা ইয়াসমিনকে নিয়ে বাসায় ফিরছেন নানি আরজিনা বেগম। ক্ষোভ প্রকাশ করেন আরজিনা বলেন, সামান্য বৃষ্টি হলে গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ সময় জলাবদ্ধ থাকে। এই সড়কে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সিটি কর্পোরেশনের প্রতি দাবি জানান তিনি।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘‘বেশ কিছু নিচু এলাকার ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে। অপরিকল্পিত নগরায়ন হওয়ার কারণে এমন হয়েছে। বিষয়গুলো নিয়ে কাজ করছি। বৃহৎ আকারে পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে নগরবাসী এই ভোগান্তি থেকে স্থায়ী সমাধান পায়।’’
তাৎক্ষণিকভাবে জলাবদ্ধ এলাকা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, গত সাত দিনে রংপুরে ৩০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামী দু-একদিনের মধ্যে এই আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।