আন্তর্জাতিক

আমরা জলদস্যুদের মতো: ট্রাম্প

পারস্য উপসাগরে একটি জাহাজ জব্দ করার অভিযানের বর্ণনা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ কাজ করেছে।

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, “আমরা এর ওপর ঝাঁপিয়ে পড়ি এবং জাহাজটি দখল করে নিই। আমরা এর পণ্যসামগ্রী, তেল দখল করে নিই। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।”

জনতার উল্লাসের মধ্যে ট্রাম্প বলেন, “আমরা জলদস্যুদের মতো। আমরা অনেকটা জলদস্যুদের মতোই। কিন্তু আমরা কোনো খেলা খেলছি না।”

মার্কিন নৌবাহিনীর কার্যকলাপকে জলদস্যুতার সঙ্গে ট্রাম্পের এই তুলনা এমন এক সময়ে এসেছে, যখন আইন বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং এর মধ্য দিয়ে চলাচলকারী জাহাজের ওপর মাশুল আরোপের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর তেহরান কার্যকরভাবে জলপথটি বন্ধ করে দিয়েছে। পাকিস্তানে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তারা তাদের অবরোধ ‘পালন নিশ্চিত করতে’ ৪৫টি জাহাজকে অন্য পথে পাঠিয়েছে।