খেলাধুলা

‘পরেরবার আপনারদের হাসিমুখে বিদায় দিতে পারব’

স্টেডিয়ামের গ‌্যালারি ততক্ষণে প্রায় খালি। গ্র‌্যান্ড স্টান্ডেই কেবল ভিড়। বাংলাদেশের ম‌্যাচ হার নিশ্চিতের পর কারো মুখেই নেই হাসি। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর সিরিজ জয়ের অপেক্ষায় ছিল বাংলাদেশ।

চট্টগ্রামেই কাজটা করে আসতে চেয়েছিল দল। কিন্তু বৃষ্টির তোপে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেস্তে যায়। ঢাকায় আজকের ম‌্যাচে আবারও বৃষ্টির হানা। আজও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত ম‌্যাচে বাংলাদেশ পারেনি নুন‌্যতম লড়াই করতে। তাতে নিউ জিল‌্যান্ড অতি সহজে ম‌্যাচ জিতে সিরিজে ফিরিয়েছে সমতা।

বাংলাদেশকে সাপোর্ট করতে আজ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় ১৮ হাজার দর্শক। বৃষ্টির হানা দেওয়ার পরও মাঠ থেকে দর্শক কমেনি। বরং তুমুল উৎসাহ, উদ্দীপণা দিয়ে বাংলাদেশকে সাপোর্ট করে গেছেন সমর্থকরা।

তবে তাদের মুখে হাসি না ফোটানোয় হৃদয় পুড়ছে অধিনায়ক লিটনের। ম‌্যাচ শেষে পুরস্কার বিতরণীতে দর্শকদের উদ্দেশ‌্যে লিটন বলেছেন, ‘‘অনেকদিন পর ভালো লাগছে, মাঠটা অনেক… আপনারা আসছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরেরবার যখন আসবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। আমরা আপনাদেরকে হাসিমুখে বাসায় বিদায় দিতে পারব। ধন্যবাদ আবারও।’’

এরপর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘খুবই ভালো (দর্শকদের উপস্থিতিতে)। আমি সত্যি কথা খুবই খুশি। আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করছে। হোম ক্রাউডের বেনিফিট থাকেই। আমি আশা করব যে, দর্শকরা আবার আসবে মাঠে খেলা দেখার জন‌্য। তারা হচ্ছেন খেলার প্রাণ। তাদের উপস্থিতি ও সাপোর্ট আমাদের খেলাটাকে আরও সহজ করে তোলে।’’