সারা বাংলা

নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের আয়ে সংসার চলত

অভাব অনটনের সংসারের কিছুটা পরিবর্তন আনতে সিলেটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখোলা গ্রামে আজির উদ্দিন ও তার ছোট ভাই আমির উদ্দিন।

রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তারা মারা যান। দুই ছেলে হারানোর সংবাদ পেয়ে অজ্ঞান হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার বাবা আব্দুল গফফার ও মা শাছুর নাহার।

ভোর ৬টায় সিলেটের লালাবাজার এলাকায় ঢালাই কাজে যাওয়ার জন্য নগরীর আম্বরখানা থেকে ডিআই পিকআপভ্যানে করে রওনা দেন ১৫ জন শ্রমিক। ভোর ৬টা ২৫ মিনিটের এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়।

পরিবারের স্বজনরা জানান, সিলেট শহরের আম্বরখানার লোহাড়পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করে সংসার চালাতেন দুই ভাই। বড় ভাই আজির উদ্দিন বিয়ে না করলেও ছোট ভাই আমির উদ্দিনের ঘরে দুই ছেলে ও এক কন্যা সন্তান। এই দুই ভাইয়ের আয়ে তাদের পরিবার চলতো। দুর্ঘটনায় দুজনের প্রাণ ঝরে যায়। তিন বছর আগে তাদের বড় ভাই আলাউদ্দিন  কুকুরে কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যায়। 

নিহত আজির উদ্দিন ও আমির উদ্দিনের মামা সোহেল আহমদ সিলেট নগরীতে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। ভাগ্নেদের মৃত্যুর খবরে সিলেট ওসমানী মেডিকেলে ছুটে আসেন তিনি।

মর্গের পাশে দাঁড়িয়ে সোহেল আহমদ বলেন, তার দুই ভাগ্নে পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছিল। মৃত্যু খবর শুনে তার বাবা ও মা এখন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। তারা খুব গরিব। 

তিনি আরও বলেন, তাদের বড় ভাই তিন বছর আগে কুকুরে কামড়ে মারা গেছে। এই পরিবারটির আয়ের আর কেউ নেই।