ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৭ জুন শুরু হবে। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম চলবে ১১ জুন পর্যন্ত।
রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।
সভায় ভর্তি প্রক্রিয়াকে আরো সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপাচার্য বলেন, “ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদার সঙ্গে জড়িত। ভর্তি পরীক্ষা যেহেতু ইতোমধ্যে সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে, তাই একই মান বজায় রেখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।”
ভর্তি চলাকালে শিক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
গত ২৭ মার্চ গুচ্ছের ‘সি’ ইউনিট, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে; ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ; বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ; ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর; নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ; পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।