সারা বাংলা

টেকনাফে অপহরণ চেষ্টা ব্যর্থ হওয়ায় যুবককে গুলি

কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ হওয়ায় শহীদউল্লাহ (২০) নামে এক যুবক দুবৃত্তের গুলিতে আহত হয়েছেন। 

শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন ও বাহারছড়া ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শহীদউল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের রাজারছড়া এলাকার সোনা মিয়ার ছেলে। ঘটনার সময় তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন।

গুলিবিদ্ধ যুবকের ভাই শওকত অভিযোগ করে বলেন, ‘‘পথে নোয়াখালীপাড়া এলাকার সৈয়দ আমিন নামে এক ব্যক্তি তাকে (শহীদউল্লাহ) অপহরণের চেষ্টা করে। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে শহীদউল্লাহর পিঠে গুলি করে হামলাকারী পালিয়ে যায়।’’ 

তিনি আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং রোহিঙ্গা।

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া জানান, নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় বসে থাকার সময় পেছন দিক থেকে অজ্ঞাত একজন ব্যক্তি শহীদউল্লাহকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”