বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন থেকে র্যালিটি শুরু হয়ে বিজয় সড়ক ও কৃষ্ণচূড়া সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরে এসে শেষ হয়। পরে বিভাগের একটি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষার্থী তাওফিক বলেন, “সংবাদকে সমাজের দর্পণ বলা হয়। সমাজে যা ঘটে তা সঠিকভাবে তুলে ধরতে মুক্ত গণমাধ্যম প্রয়োজন। সংবাদকে যদি সেন্সরশিপের আওতায় আনা হয়, তাহলে মুক্ত গণমাধ্যমের চর্চা সম্ভব নয়।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “সারা বিশ্বে পেশাজীবী সাংবাদিকদের জন্য মুক্ত ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকদের ওপর হুমকি ও নির্যাতনের ঘটনা ঘটলে দায়ীদের শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, “রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রতি বছর যে সূচক প্রকাশ করে, সেখানে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় তিন ধাপ পিছিয়ে ১৮০ দেশের মধ্যে ১৫২তম। এটি আমাদের জন্য উদ্বেগজনক। যেখানে এগিয়ে যাওয়ার কথা, সেখানে আমরা পিছিয়ে পড়ছি। এ পরিস্থিতির জন্য শুধু একটি পক্ষকে দায়ী করলে হবে না, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে গণমাধ্যমের মালিকানা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে সাংবাদিক হয়রানির বিষয়গুলো অনেকটাই কমে আসবে।”