জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নামে পরিচিত। এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটি। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।
রবিবার (৩ মে) দুপুরে বিআইএফপিসিএল‘র উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, ‘‘সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সফল সহযোগিতার একটি অনন্য নিদর্শন।"
বর্তমানে কেন্দ্রটি ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল দক্ষ বাংলাদেশি প্রকৌশলী দ্বারা পরিচালিত হচ্ছে। এনটিপিসি বর্তমানে উপদেষ্টা হিসেবে সহায়তা দিচ্ছে।