ঢাকার ডেমরা এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ডলিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রবিবার (৩ মে) রাত পৌনে ১০টার দিকে ডেমরার বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মোহাম্মদ সোহরাব উদ্দিন জানান, রাতে তার মা রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি নালিতাবাড়ী উপজেলার সদর এলাকায়। তার বাবার নাম সেহার আলী ভূঁইয়া। তারা ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, নিহতের ছেলে সোহরাব উদ্দিনের কোনো অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।