সারা বাংলা

লাইভে এসে অঝোরে কাঁদলেন পদ বঞ্চিত ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন মো. জাহিদ নামে ছাত্রদল নেতা। একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (২ মে) মধ্যরাতে তার এই ভিডিও ভাইরাল হয়।

এর আগে, একই দিন রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সাড়ে ৭ বছর পর সম্মেলন ছাড়াই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। কমিটিতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্তদের।

ফেসবুক লাইভে কান্না করা জাহিদ জেলা ছাত্রদলের সাবেক কমিটির সহ-সম্পাদক ও এলএলবি (প্রিলিমিনারি) পাস বলে জানা যায়। তার বাড়ি জেলা শহরের টিএন্ডটি কলোনী এলাকায়।

ফেসবুক লাইভে বিএনপির যুগ্ম-মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির উদ্দেশ্যে জাহিদ বলেন, “এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন ভাই? এ্যানি ভাই, এরকম করবেন জীবনেও ভাবতে পারিনাই। শরীরে এতগুলো কোপ, এত রক্তাক্ত হলাম, দুই হাতে ভেঙে দিয়েছে আমার, শুধুমাত্র এ্যানি ভাইয়ের কাছে যাওয়ার কারণে। আমি সারাজীবন আপনাদের থাকব। কিন্তু জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, কি করে ভুলব...। আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।”

ছাত্রদল সূত্র জানায়, সবশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি করা হয়। এর ৭ বছর ১০ মাস ২৬ দিন পর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি অনুমোদনের জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেখা যায়নি। এছাড়া, সম্মেলনেরও আয়োজন করা হয়নি। 

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না। 

নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিগত কমিটির সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, “নতুন কমিটির জন্য শুভকামনা। সংগঠনকে গতিশীল করতে তারা সর্বোচ্চা ভূমিকা রাখবে। তারা নিজেদের দক্ষ সংগঠক হিসেবে নিজেদের সমাদৃত করবে।” 

নতুন কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, “আমাকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সংশ্লিষ্টদের প্র‍তি। দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণে ও অধিকার আদায়ে ছাত্রদল নিরলস কাজ করবে।”