ভারতে পশ্চিমবঙ্গ, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ুর পাশাপাশি আসামের বিধানসভা নির্বাচনের ভোট গণনাও আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত প্রাথমিক গণনা অনুযায়ী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) টানা তৃতীয়বারের মতো রাজ্যটির ক্ষমতায় ফিরতে যাচ্ছে।
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ১২৬ আসনের আসাম বিধানসভায় ম্যাজিক ফিগার ৬৪ হলেও, বিজেপি একাই ৮০টি আসনে এগিয়ে থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। এবার আসামে রেকর্ড ৮৫.৬৪ শতাংশ ভোট পড়েছে। এই ঐতিহাসিক অংশগ্রহণকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণের আশা ও আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন।
আসাম বিধানসভার মোট আসন সংখ্যা ১২৬টি, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার হলো ৬৪। ২০২১ সালের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭৫টি আসন জিতেছিল, যার মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৬০টি আসন।
সোমবার (৪ মে) স্থানীয় দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী- বিজেপি ৮০টি আসনে, কংগ্রেস ২৩টি আসনে, বিপিএফ ১০টি আসনে, আসাম গণ পরিষদ ৯টি আসনে, এআইইউডিএফ ২টি আসনে এবং আরজেআরডি ২ টি আসনে এগিয়ে রয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি কেন্দ্রে প্রায় ১৭ হাজার ২৫০ ভোটে এগিয়ে আছেন। ২০০১ সাল থেকে তিনি এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন।
প্রাথমিক এই প্রবণতা বজায় থাকলে আসামে বিজেপির আধিপত্য আরো জোরালো হতে চলেছে। বিশেষ করে গুয়াহাটি এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে বিজেপি প্রার্থীদের দাপট লক্ষ্য করার মতো। অন্যদিকে, কংগ্রেসের জন্য এই ফলাফল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ দলের বড় বড় মুখগুলো নিজেদের আসনেই পিছিয়ে রয়েছেন।