ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলকে ঘিরে আবারো আলোচনায় এসেছে বহুল সমালোচিত ‘গেস্টরুম’ ও ‘গণরুম’ সংস্কৃতি। এসব অনাকাঙ্ক্ষিত চর্চার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে কর্মসূচি নিয়েছে হল শাখা ছাত্রদল।
সম্প্রতি হলের কয়েকজন শিক্ষার্থী নিজেদের ওপর চালানো গেস্টরুম নির্যাতনের প্রমাণ প্রকাশ করলে বিষয়টি নতুন করে সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে বিশেষ করে নবীন শিক্ষার্থীদের সতর্ক করতে এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে গেস্টরুম-সংক্রান্ত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং অমানবিক পরিবেশের চিত্র তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, প্রথম বর্ষের শিক্ষার্থীরাই সাধারণত এসব অপসংস্কৃতির সবচেয়ে বেশি শিকার হন। তাই শুরু থেকেই তাদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
হল ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ বলেন, “দীর্ঘদিন ধরে গেস্টরুম ও গণরুম সংস্কৃতি শিক্ষাঙ্গনে এক ধরনের আতঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এসবের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়।”
তিনি অভিযোগ করেন, অতীতে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের ছত্রছায়ায় থেকে কিছু ব্যক্তি এসব নির্যাতনের সঙ্গে জড়িত ছিল এবং তারা এখনো ভিন্ন পরিচয়ে সক্রিয় রয়েছে। নতুন শিক্ষার্থীদের সতর্ক করতেই পূর্বের ঘটনাগুলোর তথ্য তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, “গেস্টরুম ও গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হবে।”
আসিফের ভাষ্য, বিশ্ববিদ্যালয় হওয়া উচিত জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও নিরাপদ সহাবস্থানের জায়গা। সেই পরিবেশ নিশ্চিত করতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতে ক্যাম্পাসে যেন এ ধরনের সংস্কৃতি আর ফিরে না আসে, এটাই তাদের প্রত্যাশা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান, সদস্য সচিব শাহরিয়ার লিওন এবং যুগ্ম আহ্বায়ক ওমর আব্দুল্লাহ চৌধুরী জিন্নাহসহ অন্যান্য নেতাকর্মীরা।