বিনোদন

বিধানসভা নির্বাচন: তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পশ্চিমবঙ্গ। গত ২৯ এপ্রিল, শেষ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। সোমবার (৪ মে) বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এবারের নির্বাচনে বিজেপি ও তৃণমূলের টিকিট নিয়ে কলকাতার শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা অংশ নিয়েছেন।  

পশ্চিমবঙ্গের মসনদে কে বসবেন তা নিয়ে নিসাব-নিকাশ চলছে। তবে এখন পর্যন্ত প্রাথমিক গণনায় ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে। বিজেপির তারকা প্রার্থীরাও এগিয়ে আছেন। দলটির তারকা প্রার্থীদের মধ্যে অভিনেতা রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। অন্যদিকে, তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি পিছিয়ে আছেন। 

শিবপুর আসনে লড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রাথমিক ফলে এগিয়ে আছেন তিনি। তৃণমূলের প্রার্থী রানা চ্যাটার্জির চেয়ে ৫ হাজার ৫৯৬ ভোটে এগিয়ে আছেন রুদ্রনীল। শ্যামপুর আসন থেকে লড়ছেন হিরণ চ্যাটার্জি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নদেবাসী জানা, শেখ মনজুর আলম, অসিত বরণ সাউয়ের চেয়ে এগিয়ে আছেন হিরণ। সোনারপুর দক্ষিণে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর চেয়ে ১০ হাজার ভোটে এগিয়ে আছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। 

তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন অভিনেতা সোহম চক্রবর্তী। করিমপুর বিধানসভা কেন্দ্রে সোহম চক্রবর্তী ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পিছিয়ে আছেন। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। তবে পিছিয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি; তাকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। প্রথম রাউন্ডের গণনা শেষে দুই হাজার ভোটে পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা।

*ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে