রাজনীতি

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলির

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য সানজিদা তুলি বলেছেন,“মানবাধিকার, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি রাজনীতিতে নারীদের সামনে এগিয়ে আনার জন্য তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “গত ১৫ বছরে দেশে মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

বিশেষ করে ‘জুলাই আন্দোলনে’ নারীদের সক্রিয় অংশগ্রহণকে তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংসদে থেকে তিনি শুধু নারীদের নয়, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।”

একই সঙ্গে আপসহীন নেত্রী খালেদা জিয়ার ন্যায়বিচারের স্বপ্ন বাস্তবায়নকে তিনি নিজের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

গুমের বিষয়টি তুলে ধরে সানজিদা তুলি বলেন, “আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পর কিছু সময় গুমের ঘটনা কমলেও এখনও অনেক পরিবার তাদের স্বজনদের ফিরে পায়নি।”

এসব পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও যন্ত্রণা নিরসনে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সোচ্চার থাকবেন।

তিনি আরো বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং সব ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”