সারা বাংলা

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৩

কুমিল্লার চান্দিনায় রবিবার (৩ মে) রাতে স্বামীকে আটকে রেখে এক নারীকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার অভিযোগে সোমবার (৪ মে) ভোরে তিন যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার রাত ১১টার দিকে ওই দম্পতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা একদল বখাটে তাদের পথরোধ করে। তারা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে যায়। সারা রাত ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোরে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

নিরুপায় হয়ে স্বামী তার স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিন অভিযুক্তকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

আটক তিনজন হলেন— কামরাখোলা এলাকার আলমগীরের ছেলে মো. তারেক, একই এলাকার আলমাছের ছেলে আরিফ এবং জয়নালের ছেলে ইসমাইল।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেছেন, “ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক বাকি অভিযুক্তদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”