কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু রায়ানের (৭ মাস) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গত চার মাসে হামের উপসর্গে নয় শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) দিবাগত মধ্যরাতে শিশুটির মৃত্যু হয়। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন এ তথ্য জানান।
রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বি আলীর ছেলে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ১ মে হামের উপসর্গ নিয়ে শিশু রায়ানকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রবিবার দিবাগত মধ্যরাতে শিশুটি মারা যায়।
মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ সরকারি জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০২৪ জন শিশু ভর্তি হয়।
তিনি আরো জানান, রবিবার (৩ মে) সকাল থেকে সোমবার (৪ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালে ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ১৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি আছে।